জাতিসংঘের গ্যাং দমন মিশনে বাংলাদেশ সেনাবাহিনী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) যোগ দিতে পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের যাত্রা।
টুইট ডেস্ক: হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা হাইতির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ধারাবাহিক অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি






