রাজশাহীতে ২০৬ বোতল ফায়ারডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২০৬ বোতল কোডিনযুক্ত ফায়ারডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহিন (৩০), পিতা: মৃত কমের আলী। তাঁর স্থায়ী ঠিকানা রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন দাশমারী কাশেমের মোড় এবং বর্তমান ঠিকানা কাটাখালী থানাধীন চর খিদিরপুর।

অপরজন হলেন মো. ফারজেম ফজা, পিতা: দেদার বক্স। তাঁর ঠিকানা রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর শান্তিনগর।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন উপায়ে কোডিনযুক্ত ফায়ারডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা পরস্পরের যোগসাজশে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।