ভবন নির্মাণে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

আরডিএর ভ্রাম্যমাণ আদালতে বাধা দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি; রাজশাহীতে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অনেকে বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার সকাল থেকে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।

দুপুরে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন তিনি।

এ ছাড়া নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।