রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন

জানুয়ারিতে দুই ধাপ ও ফেব্রুয়ারিতে এক ধাপে ভোটের পরিকল্পনা, নির্বাচন হতে পারে দুই হাজারের বেশি ইউনিয়নে

টুইট ডেস্ক: আগামী বছর পবিত্র রমজান শুরুর আগেই তিন ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের নির্বাচন হতে পারে। তিন ধাপে দুই হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার এবং দ্বিতীয় ধাপের ভোট একই মাসের চতুর্থ সপ্তাহে আয়োজনের কথা ভাবা হচ্ছে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের নির্বাচন করতে চায় কমিশন। প্রতি ধাপে প্রায় ৭০০ থেকে ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত। এসব ধাপে আনুমানিক দুই হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। সংখ্যাটি কিছুটা কমবেশি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রথম ধাপের জন্য প্রাথমিকভাবে ৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছিল। এখন ভোটের তারিখ তিন-চার দিন পেছানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তিন ধাপে নির্বাচন আয়োজনের মূল পরিকল্পনায় কোনো পরিবর্তন হচ্ছে না।

এর আগে গত সেপ্টেম্বরে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা শেষে ইসি জানিয়েছিল, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। তখন প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর নির্ধারণের কথা জানানো হয়েছিল।

তবে সরকারের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর ওই পরিকল্পনা থেকে সরে আসে ইসি। পরে ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভা শেষে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

ইসি সূত্র বলছে, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের সুযোগ সীমিত। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও ফেব্রুয়ারির শুরুতে রমজান এবং এরপর এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে সময় আরও সংকুচিত হয়ে আসবে। তাই রমজান শুরুর আগেই তিন ধাপে ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে কমিশন।