জরিমানা ছাড়াই জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

জমা দিতে হবে ১৫ অক্টোবরের মধ্যে, একই সময়ের মধ্যে সেপ্টেম্বরের রিটার্নও দাখিলের নির্দেশ|

অর্থনৈতিক রিপোর্টার: জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রিটার্ন জমা দিতে হবে।

বৃহস্পতিবার এনবিআরের মূসক: মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন-সংক্রান্ত বিধান সংশোধন করে প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ই-ভ্যাট ব্যবস্থায় জুলাই ও আগস্ট মাসের রিটার্ন দাখিল করেনি।

এ অবস্থায় জুলাই ও আগস্টের রিটার্ন যারা দাখিল করেনি, তারা ১৫ অক্টোবরের মধ্যে কোনো জরিমানা ছাড়াই তা জমা দিতে পারবে। একই সময়ের মধ্যে সেপ্টেম্বর মাসের ভ্যাট রিটার্নও দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ব্যবসায়ীদের প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার ঝামেলা কমাতে ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়। এ জন্য ভ্যাট আইনে সংশোধনও আনা হয়েছিল।

তবে নতুন পদ্ধতি চালুর পর রাজস্ব আহরণে ঘাটতি দেখা দেওয়ায় সরকার আবার মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থায় ফেরার উদ্যোগ নেয়। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট রিটার্ন-সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় সংশোধন আনা হয়।

এনবিআর সূত্র জানায়, শুধু রাজস্ব আহরণে ঘাটতি নয়, ইনপুট কর সমন্বয়, ত্রুটি সংশোধনের সুযোগ কমে যাওয়া, তদারকি ও নিরীক্ষার সীমাবদ্ধতা এবং সুদ হিসাবসহ বিভিন্ন জটিলতার কারণেও মাসিক রিটার্ন ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।