চট্টগ্রামের হোটেলে নারীর লাশ

গর্ভবতী নারীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে

টুইট প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গর্ভবতী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে জান্নাতুল নাঈমের সঙ্গে মনসুর হেলালের বিয়ে হয়। তাঁদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকায়। নগরীতে তাঁরা একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ভাড়া বাসা ছেড়ে দেওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বামী-স্ত্রী ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। জান্নাতুলের স্বামী নগরীর সল্ট ক্রসিং এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত।

বুধবার দুপুরে খাবার নিয়ে কক্ষে ঢুকে মনসুর হেলাল তাঁর স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে আকবরশাহ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে জান্নাতুল নাঈমের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।