বাগমারায় অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তার চেক

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে বাগমারা উপজেলার নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে অনুদান হিসেবে মোট ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় পর্যায়ক্রমে সুবিধাভোগীদের মধ্যে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

চেক বিতরণের সময় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার সুবিধাভোগীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন, সরকারি এ সহায়তা অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।

স্থানীয়ভাবে এ ধরনের সরকারি সহায়তা অসহায় মানুষের দৈনন্দিন প্রয়োজন ও জরুরি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।