মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

উচ্ছেদ অভিযান ঘিরে হকারদের সঙ্গে পুলিশ-সিটি কর্পোরেশনের সংঘর্ষ; ভাঙচুর, কাঁদানে গ্যাস।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি কর্পোরেশন-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বর ও আইডিয়াল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালে ভেকুর আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় যমুনা টিভির গাড়ি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।
এ সময় হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।






