চারঘাটে বকুল হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, ৪৫ মিনিট যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বকুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বকুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বকুল তার শ্বশুরবাড়ি পুঠিয়ার দুর্লভপুর গ্রামে গেলে আসামিরা তাকে জোরপূর্বক আটক করেন। পরে তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে জিআই পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বকুল মারা যান।
বকুলের স্ত্রী ফাহিমা খাতুন বাদী হয়ে গত ২৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মামলা করেন। মামলায় রতন আলী, স্বপন, মো. রইস, নফেল উদ্দিন উকিল ও মো. বাকীকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাদের সবার বাড়ি পুঠিয়ার দুর্লভপুর গ্রামে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের ছেলে রাকিবুল ইসলাম অলিভ, স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবক মুক্তার হোসেন মুক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচি চলাকালে প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি বেলপুকুর থানার অধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে।






