জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বক্তব্য; গুরুত্ব পাবে গণতন্ত্র, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও বৈশ্বিক সহযোগিতা
টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটি তাঁর প্রথম বক্তব্য। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে তিনি ভাষণ দেবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এই মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
নিউইয়র্ক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত কয়েক দিনে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট পথনকশা তৈরির আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, মানবিক সহায়তা বাড়ানো এবং ন্যায়বিচার ও জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দেন।
জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বানুমেয় অর্থায়ন এবং জলবায়ুবান্ধব প্রযুক্তিতে সুযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। তাঁর এবারের ভাষণে জাতীয় ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।






