স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে বিএনপির প্রস্তুতি

জেলায় জেলায় বিশেষ কমিটি, তৃণমূলের মতামত ও জনমত যাচাই করে তালিকা তৈরির উদ্যোগ

টুইট ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একক প্রার্থী নিশ্চিত করতে জেলা ও সংসদীয় আসনভিত্তিক বিশেষ বাছাই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের পাশাপাশি বিভিন্ন জরিপের মাধ্যমে স্থানীয় জনমতও যাচাই করা হবে।

বিএনপির নেতারা বলছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে একাধিক দলীয় প্রার্থী থাকায় ভোট বিভাজন ও অভ্যন্তরীণ বিরোধের অভিজ্ঞতা রয়েছে। এবার সেই পরিস্থিতি এড়াতে নির্বাচনের আগেই প্রতিটি এলাকায় একক প্রার্থী চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা।

প্রার্থী বাছাইয়ে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ এবং সংক্ষিপ্ত তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই তালিকায় সম্ভাব্য ও বিকল্প প্রার্থীর নাম রাখা হবে। পরে সাংগঠনিক অবস্থা, জনসমর্থন, নেতাকর্মীদের মতামত ও অতীত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে কয়েকটি জেলায় এ ধরনের কমিটি গঠন করা হয়েছে। ভোলা-২ আসনের বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে সাত সদস্যের দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের মতামত ও জরিপের ফল মূল্যায়ন করে একক ও বিকল্প প্রার্থী বাছাই করে অনুমোদনের জন্য পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিগুলোকে।

চাঁদপুরেও সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন দলের দায়িত্বশীল নেতারা। জেলার বিভিন্ন এলাকায় বিশেষ কমিটি গঠন করে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান যাচাই করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নওগাঁ, শেরপুরসহ আরও কয়েকটি জেলাতেও স্থানীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি চলছে। কোথাও কোথাও কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় থাকলেও জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ে জনমত যাচাই এগিয়ে রাখছেন।

এদিকে সম্ভাব্য প্রার্থীরাও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, জনসংযোগ বৃদ্ধি এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। দলীয় সমর্থন পেতে স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন অনেকে।

দলীয় সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে প্রার্থী বাছাইয়ে সংশ্লিষ্ট সংসদীয় আসনের জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

তবে স্থানীয় পর্যায়ে গঠিত বিভিন্ন বাছাই কমিটি নিয়ে সব জেলায় এখনো একই ধরনের প্রক্রিয়া চালু হয়নি। কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত নির্দেশনা এলে প্রার্থী বাছাইয়ের কাঠামো আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।