প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি সড়কের জরুরি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

ফেনীর ফুলগাজী উপজেলার স্থানীয়ভাবে ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং ও সিলকোটের কাজ করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি ভিত্তিতে শুরু হওয়া সংস্কারকাজের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। সড়কের কার্পেটিং ও সিলকোটের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই দিনের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে সড়কটির সংস্কারকাজ জরুরি ভিত্তিতে করা হচ্ছে। এ জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে তিনি তার নানার বাড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। একই সঙ্গে পারিবারিক কবরস্থান জিয়ারতেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে ফুলগাজীর বিভিন্ন সড়ক, জনসভাস্থল, জেলা পরিষদ ডাকবাংলো, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও জোরদার করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত কর্মসূচি এবং তিনি কোন পথে যাতায়াত করবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি।