রাবিতে দুটি নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন

জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রশাসন ভবন-১ চত্বরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দিয়ে উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনকালে উপাচার্য বলেন, এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া ও চিকিৎসাসেবা প্রদান আরও গতিশীল হবে।
তিনি রাবি চিকিৎসাকেন্দ্রের সেবা আরও উন্নত করতে জরুরি চিকিৎসাসুবিধা বাড়ানো, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান ও নার্স নিয়োগের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






