ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

আমন্ত্রণের ধরনে সন্তুষ্ট নয় ঢাকা, ভারত সফরে দ্বিপক্ষীয় সম্পর্কেই বেশি গুরুত্ব
টুইট ডেস্ক: আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে সম্মেলনে তার অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় কোনো আয়োজনের অংশ হিসেবে ভারত সফরের চেয়ে বর্তমানে দ্বিপক্ষীয় সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ তৈরি হলে দ্বিপক্ষীয় সফর হতে পারে। এ বিষয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও জানান তিনি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানোয় ঢাকার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। কোনো গণমাধ্যম কী বলছে, সেটি বিবেচনার বিষয় নয়; দেশের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাণিজ্য ইস্যুতে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন কোনো তথ্য দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এত জটিল একটি সমস্যার সমাধানে হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। ধৈর্যের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।






