১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রথম দিন ২০ উড়োজাহাজ চলাচল করবে, ৫-৬ মাসে পুরোপুরি চালুর পরিকল্পনা
টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর প্রথম দিন ২০টি উড়োজাহাজ চলাচল করবে। পরবর্তী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।
টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে বলেও জানান তিনি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তৃতীয় টার্মিনালের ভূমি ব্যবস্থাপনা বা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ পরিচালনা করবে।
২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে। বাকি অর্থ জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ঋণ থেকে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।






