শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক চোরাচালান রুটে বাড়বে নজরদারি, গঠন হচ্ছে বিশেষ টাস্কফোর্স

টুইট ডেস্ক: দেশের শীর্ষ মাদক কারবারিদের নির্মোহভাবে চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক ব্যবসার মূলহোতাদের শনাক্ত করতে বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তাদের প্রস্তুত করা তালিকার ভিত্তিতেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারণে দেশের যুবসমাজ বিপথে যাচ্ছে। মাদকের বিস্তার রোধকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, কক্সবাজার জেলায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নিয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স মাদক প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করবে।

সভায় সিদ্ধান্ত হয়, মাদক চোরাচালানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি স্থলপথের পাশাপাশি নৌপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হবে। মাদক পরিবহনে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা কাজ করছে, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় পরিদর্শন, একটি ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।