বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ, দায়িত্ব ছাড়লেন মাহবুবুল আলম
টুইট ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে গ্রেড-১ পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের সেপ্টেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বিটিভির বর্তমান মহাপরিচালক মো. মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনকালে কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না।
সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের শীর্ষ পদেও এ পরিবর্তন আনা হলো।
কাজী জেসিন দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। তিনি দৈনিক *আমার দেশ*, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন এবং যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি হিসেবেও পরিচিত।






