আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি

জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে পদযাত্রায় পুলিশের বাধা

টুইট ডেস্ক : জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়েই এসেছি।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, “আজ শুধু ঢাকায় নয়, সারা দেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতেই এখানে এসেছি।”

তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি ঘটনাস্থলে এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “যদি আমাদের পদযাত্রা এখানেই থামাতে চান, তাহলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা তাঁর প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিপত্র তাঁদের হাতে তুলে দিতে চাই। জনগণের দাবি বাস্তবায়ন হলে আমরা তা স্বাগত জানাব। কিন্তু দাবি উপেক্ষিত হলে আন্দোলন আরও বেগবান হবে।”

তিনি আরও বলেন, “আমরা সম্মানের সঙ্গে সরকারের প্রতিনিধির হাতে দাবিপত্র দিতে চাই। এজন্য আমরা এখানে ১০ মিনিট অপেক্ষা করব। এর মধ্যে কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।”

জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোট ঘোষিত এ কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।