জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত

দোয়া ও মোনাজাতে অংশ নিলেন রাসিক প্রশাসক জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা
টুইট ডেস্ক: মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ আগস্ট সকাল ৮টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক।
কবর জিয়ারত শেষে শহীদ সাকিব আনজুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোঃ নাজমুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।






