সরিষার মধ্যেই ভূত, এই সরকার তা তাড়াতে পারবে না: জামায়াত আমির

দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের; ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন

টুইট ডেস্ক: সরিষার মধ্যেই ভূত আছে, তাই বর্তমান সরকার সেই ভূত তাড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং এ কারণে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির এক সিনিয়র নেতাও সম্প্রতি মন্তব্য করেছেন যে, পাঁচ মাসে দুর্নীতি কমার পরিবর্তে আরও বেড়েছে। সেই বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ওই নেতার ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সবাই দুর্নীতিতে জড়িত। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী যদি দুর্নীতি না চান, তাহলে সরকারের অন্যরা কীভাবে দুর্নীতিতে জড়াচ্ছেন।

তিনি আরও বলেন, সরকার নিজেই যখন ব্যর্থতার বিষয় স্বীকার করেছে, তখন তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি অবশিষ্ট থাকে না। তার দাবি, সরকারের বর্তমান অবস্থাই সেই বাস্তবতার প্রতিফলন।

জামায়াতের আমির বলেন, একসময়কার সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে তারাই আজ নিষিদ্ধ। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারী শাসনের পরিণতি কখনোই ভালো হয় না।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভিন্ন চিত্র তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।