ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত?

ইসরাইলি কর্মকর্তার দাবি; তবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল এমন দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা। দেশটির টেলিভিশন চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের পরিপ্রেক্ষিতে ইসরাইল আপাতত ইরানে সরাসরি হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সঙ্গে ইসরাইলের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি শহর ও বেসামরিক এলাকাগুলোতে হামলা অব্যাহত রাখলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোকে লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ মাত্রায় অব্যাহত থাকবে। বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হামলার তীব্রতা কমানোর কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
তবে ইসরাইলি কর্মকর্তার এসব বক্তব্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানে হামলা স্থগিতের বিষয়ে ইসরাইল সরকার কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই দাবি নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিলেও, পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা






