মেঘে ঢাকা চাঁদে রুবার নতুন বার্তা

প্রেম, অপেক্ষা ও অনুভূতির আবহে প্রকাশ পেল রুবা মজুমদারের নতুন গান।

টুইট প্রতিবেদক: সংগীতাঙ্গনে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা এবং না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলতে শুরু করেছে।

গানটির কথা ও সুর করেছেন এস. আই. খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। কণ্ঠ দিয়েছেন রুবা মজুমদার নিজেই। আধুনিক বাংলা গানের ধারা অনুসরণ করে নির্মিত এই গানটিতে আবেগ ও সুরের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে রুবা মজুমদার বলেন, মানুষের কাছে গানটি পৌঁছে যাক,এটাই তার সবচেয়ে বড় প্রত্যাশা।

তিনি মনে করেন, বাংলা গানের চর্চা ও শ্রোতাপ্রিয়তা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। ভবিষ্যতে আরও মানসম্মত গান উপহার দেওয়ার পাশাপাশি বাংলা চলচ্চিত্রের জন্যও গান গাওয়ার ইচ্ছার কথা জানান তিনি।

গানটির দৃশ্যায়ন ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ এবং রুবা মজুমদার। চিত্রগ্রহণ ও সম্পাদনাও করেছেন পলাশ। গানটির দৃশ্য নির্মাণে আবেগঘন উপস্থাপনার মাধ্যমে গানের মূল বক্তব্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

সংগীতজগতে রুবা মজুমদারের পরিচিতি তৈরি হয় ২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে পরিবেশনার মাধ্যমে। পরবর্তীতে আরটিভির ‘ফোক স্টেশন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এরই মধ্যে দেশের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ব্যানারে তার একাধিক মৌলিক ও লোকগান প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমেও নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলা গানের শ্রোতাদের কাছে মৌলিক গানের চাহিদা বাড়ছে।

সেই প্রেক্ষাপটে ‘মেঘে ঢাকা চাঁদ’ রুবা মজুমদারের সংগীতযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে সংগীতসংশ্লিষ্টদের প্রত্যাশা।