আইপিএল জয়ে কোহলির উচ্ছ্বাস, গ্যালারি থেকে আনুশকার উড়ন্ত চুমু

শিরোপা জয়ের মুহূর্তে ভালোবাসায় ভাসলেন তারকা দম্পতি।

বিনোদন ডেস্ক: আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা দুই বছর শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল বিরাট কোহলির দল। তবে ম্যাচের জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কোহলি ও তাঁর স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার আবেগঘন উদ্‌যাপন।

ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। তিনি অপরাজিত ৭৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত লং অনের ওপর দিয়ে হাঁকানো এক ছক্কায় নিশ্চিত হয় আরসিবির শিরোপা জয়।

স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন আনুশকা শর্মা। পুরো ম্যাচজুড়ে স্বামী ও তাঁর দলের জন্য উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। ম্যাচের বিভিন্ন মুহূর্তে তাঁর উদ্বেগ, উচ্ছ্বাস ও আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

জয়ের পর গ্যালারিতে দাঁড়িয়ে করতালি দেন আনুশকা। ঠিক সেই সময় মাঠ থেকে তাঁর দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন কোহলি। জবাবে একই ভঙ্গিতে ভালোবাসা প্রকাশ করেন আনুশকা। মুহূর্তটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শুধু গ্যালারিতেই নয়, শিরোপা জয়ের পর আনুশকাকে মাঠেও দেখা যায়। ট্রফি উদ্‌যাপনের সময় কোহলি ও তাঁর সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দম্পতির উচ্ছ্বাস ও আবেগ স্পষ্টভাবে ধরা পড়ে।

বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ম্যাচে আনুশকার উপস্থিতি নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল—প্রায়ই মাঠে দেখা যায় তাঁকে। নানা সময় প্রশংসা ও সমালোচনার মুখোমুখি হলেও সেসব উপেক্ষা করে নিজেদের মতো পথ চলছেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য, বলিউডের সফল অভিনেত্রী আনুশকা শর্মার সর্বশেষ প্রধান চরিত্রের চলচ্চিত্র ‘জিরো’, যা মুক্তি পায় ২০১৮ সালে। বর্তমানে তিনি মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস