রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

যৌতুক, নির্যাতন ও দাম্পত্য কলহের অভিযোগ; মরদেহে আঘাতের চিহ্ন, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মতিহার থানার ধরমপুর এলাকায় ঋতু খাতুন রিয়া (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী মিজানুর রহমান মিজান-সহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা শিলা বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের চাপ, স্বামীর নির্যাতন ও দাম্পত্য কলহের জেরে পরিকল্পিতভাবে রিয়াকে হত্যা করা হয়েছে। নিহত রিয়া পাঁচ বছর বয়সী এক কন্যা ও আট মাস বয়সী এক পুত্রসন্তানের জননী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকার রিয়ার সঙ্গে ধরমপুর সোরাফানের মোড় এলাকার মিজানের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্বামীর পরকীয়া ও জুয়ায় আসক্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

পরিবারের দাবি, বিভিন্ন সময় রিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পাশাপাশি যৌতুকের জন্য চাপ এবং বাবার বাড়ির সম্পত্তি বিক্রির জন্যও হুমকি দেওয়া হতো।

এজাহারে উল্লেখ করা হয়, ১২ মে রাতে রিয়া তার মাকে ফোন করেছিলেন। তবে ফোন রিসিভ না হওয়ায় আর কথা হয়নি। পরে রাতেই বিবাদীপক্ষের লোকজন রিয়ার মৃত্যুর খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান বলে অভিযোগ করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

গোলাম কবির জানান, মামলাটি তদন্ত করছে পুলিশ এবং ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আলমাসকে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।