সুপ্রিম কোর্ট বারে বিএনপির দাপট, ১৪ পদের ১৩টিতেই জয়

টুইট ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি-সমর্থিত প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফল ঘোষণা করেন মিফতাহ উদ্দিন চৌধুরী।
১৪টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। অন্যদিকে জামায়াত-সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ। দুদিনব্যাপী এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।
সহসভাপতি পদে জয়ী হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে জয় পেয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাত সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার বিরতি দিয়ে চলে এই ভোট কার্যক্রম।






