পাউরুটিতে ক্যানসারের ঝুঁকি, ঘিতে মিলল না দুধের চর্বি

ভেজাল খাদ্যে আতঙ্ক, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টুইট ডেস্ক: রাজধানীর বাজারে বিক্রি হওয়া পাউরুটি, ঘি ও বোরহানির নমুনা পরীক্ষায় ভয়াবহ অনিয়মের তথ্য পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরীক্ষায় দেখা গেছে, কিছু পাউরুটিতে ব্যবহার করা হয়েছে ক্যানসারের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পটাশিয়াম ব্রোমেট। আর ঘি নামে বিক্রি হওয়া একটি পণ্যে দুগ্ধজাত চর্বির অস্তিত্বই মেলেনি।

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের প্রতিবেদনে উঠে এসেছে, নিউ আনন্দ বেকারি এবং আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টস–এর পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক দীর্ঘদিন শরীরে গেলে ক্যানসার, লিভার ও কিডনির জটিলতা তৈরি হতে পারে।

এছাড়া সিরাজ চুইগোস্ত–এর ঘির নমুনা পরীক্ষায় দুগ্ধজাত চর্বির কোনো উপস্থিতি পাওয়া যায়নি। পরীক্ষায় দেখা গেছে, পামওয়েল ও সুগন্ধি মিশিয়ে ঘি তৈরি করা হয়েছে। একই সঙ্গে বোরহানির মানও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারটি মামলা করেছে ডিএসসিসি। আদালত তাৎক্ষণিকভাবে মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ডিএসসিসির জনস্বাস্থ্য বিশ্লেষক ইলিয়াস জিহাদী বলেন, এসব ভেজাল খাদ্য দীর্ঘমেয়াদে ক্যানসারসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং মানবদেহের ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান জানান, নিউ আমাদের বাজার এবং সিরাজ চুইগোস্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অন্যদিকে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, “মানুষের জীবন নিয়ে যারা খেলবে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।”

মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।