২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা সরকারের
টুইট ডেস্ক: আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০৩০ সালের মধ্যে অন্তত ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বুধবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজটির সঙ্গে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড–এর ৬০০ কিলোওয়াট পিক সক্ষমতার ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম’ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের টেকসই বাংলাদেশ গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার আওতায় এনে একদিকে বিদ্যুৎ সাশ্রয়, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে সবুজ জ্বালানি সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।






