এবার কোরবানির বাজারে আসছে ডোনাল্ড ট্রাম্প

নারায়ণগঞ্জে ৭০০ কেজির মহিষ ঘিরে কৌতূহল, ভিড় দর্শনার্থীদের
টুইট ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী এক কোরবানির পশু ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। শহরের পাইকপাড়া এলাকার একটি খামারে থাকা বিশাল আকৃতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর সেই নামই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ৭০০ কেজির বেশি ওজনের এই এলভিনো জাতের মহিষটির গায়ের রং সাদা-গোলাপি আভাযুক্ত। পাশাপাশি মাথার চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।
নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই খামারটিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এসে মহিষটিকে দেখছেন, ছবি তুলছেন এবং ভিডিও করছেন। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন ব্যতিক্রমী নাম ও আকৃতির পশু তারা আগে দেখেননি।
খামার সূত্রে জানা গেছে, মহিষটি ইতোমধ্যে একজন ক্রেতা বুকিং দিয়ে রেখেছেন। ফলে আগ্রহী অনেকেই চাইলেও সেটি কেনার সুযোগ পাচ্ছেন না।
খামারের কর্মীরা জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোনো কৃত্রিম উপায়ে মোটাতাজা করা হয়নি। স্বাভাবিক খাবার—ঘাস, ভুট্টা ও ভূসি খাইয়েই বিশেষ যত্নে বড় করা হয়েছে পশুটিকে।
কোরবানির ঈদ ঘিরে প্রতিবছরই বড় আকারের গরু বা মহিষ নিয়ে আলোচনা তৈরি হয়। তবে এবার নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানুষের আলোচনায় আলাদা জায়গা করে নিয়েছে।






