পাকিস্তানের বিরুদ্ধে ‘ডিজিটাল যুদ্ধ’ অভিযোগ নেতানিয়াহুর

বট বাহিনী ও ভুয়া অ্যাকাউন্ট দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক দুর্বল করার দাবি ইসরাইলি প্রধানমন্ত্রীর।
টুইট প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের বিরুদ্ধে ‘তথ্যযুদ্ধ’ পরিচালনার অভিযোগ তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । তার দাবি, বট ফার্ম ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক দুর্বল করার চেষ্টা চলছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশ সমন্বিতভাবে ডিজিটাল প্রচারণা চালাচ্ছে। এর লক্ষ্য হলো তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব উসকে দেওয়া এবং ওয়াশিংটন-তেল আবিব জোটে ফাটল ধরানো।
তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত অসংখ্য অ্যাকাউন্ট থেকে ইসরাইলবিরোধী বার্তা ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেকে মার্কিন নাগরিক পরিচয় দিয়ে এসব প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে,সেগুলোর উৎস পাকিস্তানের বিভিন্ন স্থানে।
নেতানিয়াহুর ভাষ্য, “এটি শুধু প্রচারণা নয়, বরং একটি পূর্ণাঙ্গ তথ্যযুদ্ধ। সামরিক যুদ্ধের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ইসরাইলকে লড়াই করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, বর্তমানে ইসরাইল একাধিক রণাঙ্গনে সক্রিয় থাকলেও ‘অষ্টম রণাঙ্গন’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে গাজা যুদ্ধ ও ইরান ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তান ও ইসরাইলের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরাইলি হামলা এবং ইরান,সংক্রান্ত সামরিক অভিযানের বিরোধিতায় শুরু থেকেই সোচ্চার ইসলামাবাদ। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের বিরুদ্ধে নেতানিয়াহুর এই অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।






