জলাবদ্ধতা বদলাতে ডেটাভিত্তিক পরিকল্পনার কথা বললেন নীলা

দক্ষিণ সিটির পুরোনো সমস্যা সমাধানে ড্রেনেজ সংস্কারের প্রতিশ্রুতি
টুইট ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে পুরোনো ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও ডেটাভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল। সোমবার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রাজধানীর জলাবদ্ধতা সংকট নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
পোস্টে নীলা ইসরাফিল বলেন, ঢাকা দক্ষিণের সবচেয়ে পুরোনো সমস্যাগুলোর একটি হলো জলাবদ্ধতা। বছরের পর বছর অগোছালো ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কারের অভাব এবং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক পরিকল্পনা না থাকায় এ সংকট আরও জটিল হয়েছে।
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে আলাদা ড্রেনেজ পরিষ্কার টিম গঠন করা হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। একইসঙ্গে কোন এলাকায় কতটা জলাবদ্ধতা হচ্ছে, তা শনাক্তে একটি “হটস্পট ম্যাপ” তৈরির কথাও বলেন তিনি। তার মতে, অনুমাননির্ভর নয়, বরং তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।
নীলা আরও বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত পানি সরাতে একটি বিশেষ “ইমার্জেন্সি ওয়াটার রিমুভাল ইউনিট” গঠন করা প্রয়োজন, যা বৃষ্টির সময় সঙ্গে সঙ্গে সক্রিয় হবে।
নিজের বক্তব্যে তিনি অন্য মেয়রপ্রার্থীদের প্রতিও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, শুধু আশ্বাস নয়, বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। রাজধানীর মানুষ আর জলাবদ্ধতা, যানজট ও দুর্ভোগের চক্রে আটকে থাকতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগর সমস্যার সমাধানে বিভিন্ন প্রার্থীর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা বাড়ছে।






