ঈদে স্বস্তি দিতে মাঠে টিসিবির ট্রাক

আজ থেকে দেশজুড়ে সাশ্রয়ী দামে মিলবে তেল, চিনি ও মসুর ডাল

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আজ সোমবার (১১ মে) থেকে দেশজুড়ে ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীর আগারগাঁও এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন নির্ধারিত স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশক ও কার্ডধারী পরিবারের মাঝে নির্ধারিত মূল্যে এসব পণ্য সরবরাহ করা হবে।

সংস্থাটির নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১০০ টাকায়, প্রতি কেজি চিনি ৮০ টাকায় এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ঈদকে ঘিরে বাজারে বাড়তি চাপের মধ্যে টিসিবির এ কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।