শুটিং সেটেই দুঃস্বপ্ন, গর্ভপাতের শিকার অভিনেত্রী অন্বেষা

দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী, অস্ত্রোপচারের আগে আবেগঘন বার্তা।
টুইট প্রতিবেদক: কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়–এর জীবনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার গর্ভপাত হয়েছে।
জানা গেছে, মাত্র কিছুদিন আগে তিনি জানতে পারেন যে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার শুটিংয়ের মাঝপথে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে উঠেছিল যে অভিনেত্রীর জীবনও ঝুঁকির মুখে পড়ে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অস্ত্রোপচারের আগে হাসপাতালের বেড থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন অন্বেষা। সেখানে তিনি লেখেন, মা হওয়ার স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছেও তা হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। একই সঙ্গে এই কঠিন সময়ে নিজের মানসিক ও শারীরিক শক্তির কথাও তুলে ধরেন তিনি।
মা দিবসের ঠিক আগমুহূর্তে এমন ঘটনা তার জীবনে গভীর মানসিক আঘাত হয়ে এসেছে বলেও পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, এই কঠিন সময়ে অন্বেষার পাশে রয়েছেন তার স্বামী ও শুটিং ইউনিটের সহকর্মীরা। তাদের সহযোগিতা ও মানসিক সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় বিনোদন অঙ্গনে এ খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।






