কর্মশিল্পে দক্ষতা বাড়াতে সরকারের খাদ্য শিল্পে গুরুত্বারোপ।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী ঘিরে বিনিয়োগে আগ্রহ উদ্যোক্তাদের।
টুইট প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে নতুন শিল্পায়নের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে বিদ্যমান শ্রমশক্তির দক্ষতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শনিবার ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে জেলায় নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। দেশে বিপুল পরিমাণ আলু উৎপাদিত হলেও আন্তর্জাতিক বাজারের উপযোগী আলুর ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উদ্ভাবন ও উৎপাদনে গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে এ খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) চালু রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা কার্যক্রম পরিচালনা করছেন। নতুন বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কয়েকজন উদ্যোক্তার সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, কৃষিনির্ভর জেলায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং রপ্তানি আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।






