সীমান্তে বিজিবির বড় জব্দ অভিযান

কুমিল্লায় ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার, চোরাচালান দমনে কঠোর বার্তা

টুইট প্রতিবেদক: কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বড়জ্বালা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭০৬টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ হওয়া ডিসপ্লেগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।

সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বড় ধরনের এই জব্দের ঘটনা নতুন করে চোরাচালান চক্রের সক্রিয়তা ও সীমান্ত নিরাপত্তার গুরুত্ব সামনে এনে দিয়েছে।