বাংলাদেশ মেডিকেল কলেজ এখন চরাঞ্চলবাসীর আশ্রয়স্থল

নরসিংদীতে গণসংবর্ধনায় উন্নয়ন ও স্বাস্থ্যসেবার নতুন প্রতিশ্রুতি
টুইট প্রতিবেদক: নরসিংদীর চরাঞ্চলবাসীর আয়োজনে এক ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল কলেজের উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী ঘোষণা দিয়েছেন “বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল।” তাঁর এই বক্তব্যে চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
শুক্রবার করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। চরাঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট, অবকাঠামোগত পিছিয়ে পড়া ও উন্নয়ন বঞ্চনার প্রেক্ষাপটে এ সংবর্ধনা নতুন তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোছালেহ উদ্দীন ভুইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. এফ এম সিদ্দিকী বলেন, চরাঞ্চলের মানুষ বছরের পর বছর মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থেকেছে। তিনি জানান, দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে তিনি এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “চরাঞ্চলের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খায়রুল কবির খোকন বলেন, বিগত বছরগুলোতে চরাঞ্চলের উন্নয়ন পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত হয়েছে। তিনি নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, সড়ক উন্নয়ন, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা দেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “দলের কেউ অপরাধে জড়ালে তার দ্বিগুণ শাস্তি নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজাল উল কবির মুনির।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক সোহেলা রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চরাঞ্চলবাসীর প্রত্যাশা— এ সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা হয়ে থাকবে না; বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বাস্তব পরিবর্তনের সূচনা করবে।






