হাসিনার সাজা, আল্লাহর মন্ত্রীত্ব কায়কোবাদের আলোচিত মন্তব্য

মুরাদনগরে ধর্মমন্ত্রীর বক্তব্য ঘিরে আলোচনা

টুইট প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “হাসিনা যাবজ্জীবন সাজা দিছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানাইছে।” শুক্রবার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কুবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মামলার কারণে দেশে ফেরা, নির্বাচন করা কিংবা সংসদ সদস্য হওয়া নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ও জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রসঙ্গ টেনে বলেন, নেতৃত্ব ও দায়িত্ব আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত হয়।

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, সমাজে মাদক, জুয়া ও চাঁদাবাজি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। দলীয় পরিচয় নয়, অপরাধই হবে বিচারের মানদণ্ড,এমন হুঁশিয়ারিও দেন তিনি।

কৃষকদের জন্য বিনামূল্যে যন্ত্রপাতির ঘোষণা

এর আগে সকালে মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষক কার্ডসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

পর্যায়ক্রমে দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষিযন্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইমাম-মোয়াজ্জিন ভাতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মন্ত্রী আরও বলেন, সরকার ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে “৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির উদ্বোধনও করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আলেম-ওলামা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।