ড্রেন পরিষ্কারে তৎপর রাসিক প্রশাসক রিটন

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ১০ দিনের বিশেষ কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে জোরালো উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগ ১০ দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা কাদামাটি অপসারণের কাজ জোরদার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে নগর ভবনের সামনে দড়িখরবোনা এলাকার বড় ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ বছর ধরে ড্রেনটির কাদামাটি অপসারণ করা হয়নি। প্রশাসকের উদ্যোগকে তারা স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রশাসক। তিনি বলেন, বর্ষা মৌসুমে যাতে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক স্বস্তি নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীর ড্রেনেজ ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ে।
প্রশাসকের সরাসরি তদারকি ও বিশেষ কর্মসূচিকে তাই ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী। সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যক্রমটি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে রাজশাহী মহানগরীতে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।






