চিম্বুক রেঞ্জে ১৮ স্থানে সুপেয় পানি ব্যবস্থা করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী

ব্যক্তিগত অর্থায়নে দুর্গম পাহাড়ে মানবিক প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবে ম্রো সম্প্রদায়।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের দুর্গম চিম্বুক রেঞ্জের ১৮টি স্থানে সুপেয় পানির ব্যবস্থা করেছেন ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ব্যক্তিগত অর্থায়নে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
দুই দিনের সফরে থানচি ও রুমা উপজেলায় অবস্থানকালে সংসদ সদস্য সাচিং প্রু জেরী কোরাংপাড়া ও ওয়াইজনসন এলাকায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটে ভুগছিল ম্রো সম্প্রদায়ের হাজারো মানুষ। পাহাড়ি দুর্গমতায় প্রতিদিনই তাদের পানি সংগ্রহ করতে চরম ভোগান্তির মুখে পড়তে হতো।
সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে বান্দরবানের পানিসংকটপূর্ণ অন্যান্য এলাকাতেও নিজ অর্থায়নে এ ধরনের মানবিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি জানান, পাহাড়ি জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে সুপেয় পানির সুবিধা পৌঁছে দেওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






