টানা ৭ দিনের ঈদ ছুটি ঘোষণা

ঈদুল আজহা ঘিরে দীর্ঘ অবকাশ, ২৩ ও ২৪ মে খোলা থাকবে সরকারি অফিস

টুইট প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সরকারি ছুটি কার্যকর থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাত দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন।

তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে থেকে শনি ও রোববার,সরকারি অফিস খোলা রাখা হবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে-তেও কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

সরকারি সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঈদযাত্রা, পর্যটন ও কেনাকাটার প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ ছুটির কারণে পরিবহন খাতেও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার মূল লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা।

নীতিমালায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথক ও নিরাপদ টয়লেট সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ, অর্থায়ন ও তদারকির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া নতুন নীতিমালায় সব অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে টয়লেট বর্জ্য ব্যবস্থাপনায় সেফটি ট্যাংক নির্মাণ নিশ্চিত করার নির্দেশনা রাখা হয়েছে, যাতে নদী-খালসহ জলাশয়ে বর্জ্য গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করে।

সরকারের এ সিদ্ধান্তকে জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।