তারাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত, বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন অধ্যায় শুরু।

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণে সুযোগ আরও সম্প্রসারিত হলো।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই সম্প্রসারণের ফলে রোগীদের ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু এবং তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক পত্রিকা “তারার আলোর সম্পাদক মোঃ খবির উদ্দিন প্রামানিকসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবার উন্নয়নের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।