অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে রিট

 

ইউনুস সরকারের সিদ্ধান্ত ও চুক্তির বৈধতা চ্যালেঞ্জ

টুইট ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ এ রিট দায়ের করেন।

রিটে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা অনুসন্ধানে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই আইনজীবী বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরবর্তীতে আপিল করা হলে আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারকে বৈধ ঘোষণা করেন।

আইন বিশেষজ্ঞদের মতে, নতুন এই রিটের শুনানির ওপর নির্ভর করবে সরকারের কর্মকাণ্ড নিয়ে বিচারিক পর্যায়ে পরবর্তী পদক্ষেপের দিকনির্দেশনা।