টাঙ্গাইলে মহাসড়কে সংঘর্ষ, নিহত ২

যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ দুর্ঘটনায় আহত আরও ২

টুইট ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ পুলিশ জানায়, যমুনা সেতুমুখী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।