ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়, ভেজাল রোধ ও সামাজিক শৃঙ্খলায় জোর; প্রশাসনে সততা-মেধার বার্তা

টুইট ডেস্ক: জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে বিদ্যুৎ সাশ্রয় থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা রক্ষা পর্যন্ত একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের নীতিনির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে ডিসিদের নির্দেশ দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার এবং জনগণের ন্যায্য অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বলেন সরকারপ্রধান। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এছাড়া শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম জোরদারে বছরজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বন্যা ও খরা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতেও ডিসিদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার ও ‘জুলাই সনদ’ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জনগণের সঙ্গে সরকারের সংযোগ রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলন সূত্রে জানা গেছে, এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে। চারদিনব্যাপী এ সম্মেলন আগামী ৬ মে শেষ হওয়ার কথা রয়েছে।