শিশুর আবদারে থামল প্রধানমন্ত্রীর গাড়িবহর

সিলেট-ঢাকা পথে আবেগঘন মুহূর্ত; শিশুকে বুকে জড়িয়ে ছবি, ছড়িয়ে পড়েছে সর্বত্র।

টুইট ডেস্ক: সাধারণ মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শিশুর কান্নাজড়িত আবদারে সাড়া দিয়ে নিজের গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে ছবি তোলার ঘটনা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২ মে) সিলেট থেকে ঢাকা ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় এক শিশু সামনে এসে তার সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে আসতেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে গাড়িবহর থামানোর নির্দেশ দেন।

পরে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নেন এবং স্নেহভরে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। এরপর শিশুটির সঙ্গে ছবি তোলেন তিনি। উপস্থিতদের কাছে এটি ছিল এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।

ঘটনার সময় শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়। পরে চিরকুটে দেখা যায়, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামের পাশে ভালোবাসার চিহ্ন আঁকা ছিল।

জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে নবীনগর উপজেলা উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে পরিবারসহ সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় বসবাস করছে।

শিশুটির বাবা বোরহান উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা প্রটোকল উপেক্ষা করে তার সন্তানের আবদারে সাড়া দিয়েছেন, যা তাদের পরিবারের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজনৈতিক নেতৃত্বের মানবিক দিককে নতুন করে সামনে এনেছে এবং জনগণের সঙ্গে সংযোগের এক ইতিবাচক বার্তা বহন করছে।