খাল খননে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে নতুন কর্মসূচির ঘোষণা প্রধানমন্ত্রীর।
টুইট ডেস্ক: পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সারাদেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, অতিবৃষ্টি হলে যাতে জলাবদ্ধতা তৈরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর মতে, নগর ও গ্রামীণ এলাকায় পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি, আর খাল পুনঃখনন ও সংরক্ষণ সেই সমস্যার কার্যকর সমাধান হতে পারে।
তিনি আরও জানান, সরকার সড়ক উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগ সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে। ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে যানজট কমবে এবং পরিবহন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে কৃষিজমি নষ্ট হওয়ার ঝুঁকিও কমবে।
স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিলেট মেডিকেল কলেজে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশজুড়ে স্বাস্থ্যসেবা জোরদারে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
ক্রীড়া খাতেও নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু-কিশোরকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আনার চেষ্টা চলছে। পাশাপাশি নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের সচেতন করার উদ্যোগ নিতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।






