নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক

জুম্মার নামাজ শেষে চেক হস্তান্তর; নগর উন্নয়নে ধারাবাহিক উদ্যোগের আশ্বাস।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১ মে) পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এই অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। সড়ক উন্নয়ন কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত মসজিদটির সংস্কার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। বাইতুল মামুর জামে মসজিদে প্রদত্ত এই অনুদানও সেই চলমান উদ্যোগের অংশ।
তিনি আরও জানান, ভবিষ্যতেও মসজিদটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ২৯ নম্বর ওয়ার্ডের সড়ক, নালা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রাসিক প্রশাসক নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে আরও উন্নত ও আধুনিক নগরীতে পরিণত করা সম্ভব।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিরাও অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়দের মতে, এই অনুদান মসজিদের ক্ষতিগ্রস্ত অংশ পুনর্গঠন এবং মুসল্লিদের সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






