ঢাকায় প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

টুইট ডেস্ক: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আজ প্রথম জনসভায় অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ঢাকায় এটিই তার প্রথম জনসভা হিসেবে গুরুত্ব পাচ্ছে।

গতকাল নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দল-এর সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

দলটির নেতারা জানিয়েছেন, রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর সমাগম ঘটবে। তাদের মতে, এবারের সমাবেশ শ্রমিকদের অধিকার আদায়ের দাবিকে আরও জোরালো করবে।