প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রীর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসে। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কথা বলেন।

৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে। সেখানে তাদের জন্য সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ভবনের অনন্য স্থাপত্যশৈলী নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম, আমার ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল।” তিনি শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। পরে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে শিক্ষার্থীদের জন্য সংসদে বিশেষ আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।