মহান মে দিবস আজ: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

টুইট ডেস্ক: আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক এই দিনটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ বছরের প্রতিপাদ্য-“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”*। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রমই অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক, ন্যায্য মজুরি ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি মানবিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি ও নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, রাজধানী ঢাকায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, ১৮৮৬ সালের হে মার্কেট আন্দোলন-এর মধ্য দিয়ে মে দিবসের সূচনা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামলে পুলিশের গুলিতে বহু শ্রমিক প্রাণ দেন। সেই আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন মাত্রা পায়।






