জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে: নাহিদ ইসলাম

টুইট ডেস্ক: কষ্টার্জিত ‘জুলাই সনদে’ নোট অব ডিসেন্ট যুক্ত করে সেটিকে কলুষিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের ওপর চাপ প্রয়োগ করে সনদের পাশে এই ভিন্নমত সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। দুর্নীতি বিষয়ক সংস্থা টিআইবির একটি প্রতিবেদন উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমান সংসদের নির্বাচিত এমপিদের বড় একটি অংশ ঋণগ্রস্ত, যার পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি—এবং এর অধিকাংশই সরকারি দলের সদস্যদের।

রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, তিনি রাষ্ট্রপতির বক্তব্য শোনেননি বা পড়েননি এবং রাষ্ট্রপতির পদে থাকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। অতীতে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের স্থিতিশীলতার স্বার্থেই সে সময় সরকারে অংশ নেওয়া হয়েছিল।

ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও ওসমান হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের ভারত আশ্রয় দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অবশ্যই হওয়া উচিত, তবে তা হতে হবে মর্যাদা ও সমতার ভিত্তিতে।

তার এই বক্তব্য ঘিরে সংসদে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।